কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সাপের ছোবলে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিল লিমা। রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভাঙলে সে গোয়ালঘরে গরু দেখতে যায়। এসময় গোয়ালঘরের তালার চাবি নেওয়ার জন্য টিনের বাক্সে হাত দিতেই একটি বিষধর কালাচ সাপ তাকে ছোবল মারে।
পরে স্বজনরা লিমাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কোনো চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছেন তারা। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে—সাপের কামড়ের চিকিৎসা ও প্রতিষেধক সেখানে নেই। পরে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
লিমার বাবা বলেন, “আমার মেয়ে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালার চাবি নিতে গেলে একটি সাপ কামড় দেয়। আমরা দ্রুত কুড়িগ্রাম হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে রংপুর মেডিকেলে নেওয়ার পর আমার মেয়ে মারা যায়।”
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক না থাকায় রোগীদের প্রায়ই রংপুরে নিতে হয়। এতে অনেকে পথেই মৃত্যুবরণ করেন। তাদের দাবি, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে সাপের কামড়ের চিকিৎসা ও প্রতিষেধক সরবরাহ নিশ্চিত করতে হবে।
Leave a Reply