টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। অসামান্য এই কীর্তির প্রশংসা চতুর্দিক থেকেই পাচ্ছে সাবিনা খাতুনের দল। তার পুরস্কার হিসেবে মেয়েদের ২০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে আসিফ মাহমুদের নেতৃত্বাধীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি নিশ্চিত করেছে তারা।
গতকাল নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। ধরে রাখে শিরোপা। এর আগেরবারও ২০২২ সালে নেপালকে হারিয়ে শিরোপা জেতেন সাবিনা-মারিয়ারা।
দেশের ফুটবলের মাথা উঁচু করে দিয়ে আজ ঢাকায় ফিরে আবারও ছাদখোলা বাসে করে ঘুরেছেন সাফজয়ী মেয়েরা। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি জানাতে তাদের পুরস্কারের ঘোষণা দিয়েছে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বাংলাদেশ নারী দল ও পুরো ম্যানেজমেন্টকে প্রশংসা জানিয়ে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা আমাদের নারী ফুটবল দল নিয়ে অত্যন্ত গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের এই উদ্যাপনে যোগ দিয়েছে বিসিবি। তাদের জয় বাংলাদেশের সকল ক্রীড়াবিদ ও নারীদের জন্য অনুপ্রেরণা ও আশার কাজ করবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটিকেও অভিনন্দন জানাই।’












Leave a Reply