আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ভারতের মেঘালয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গারো পাহাড় জেলার গাসুয়াপাড়া অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভূমিধসে সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে হাটিয়াসিয়া সঙমা গ্রামের এক পরিবারের সাত সদস্যের মৃত্যুতে, যাদের মধ্যে তিনজনই শিশু।
এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা টানা বৃষ্টিপাত ও এর প্রভাব নিয়ে গারো পাহাড়ের পাঁচটি জেলার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি দালু ও হাটিয়াসিয়া সঙমা গ্রামে ভূমিধসে নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া পিটিআই সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী উভয়কেই ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে।
Leave a Reply