অনলাইন ডেস্ক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অপসারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পূর্বে বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন, তখন মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে এসে উপস্থিত হন। এসময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, ফলে বেশ কয়েকজন আহত হন এবং মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। খতিব মুফতি রুহুল আমিন পরে নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মুফতি রুহুল আমিন লাপাত্তা ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান, ফলে নতুন খতিব নিয়োগ দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।
Leave a Reply