রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে শনিবার (২৩ আগস্ট ২০২৫) মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বাজারের পরিচিত কসাই আলম মিয়া, যিনি “আলম কসাই” নামে পরিচিত, একটি মরা গরু জবাই করে তা বিক্রি করতে থাকেন।
ঘটনা জানতে পেরে স্থানীয়রা উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলকে অবহিত করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্যানিটারি পরিদর্শক আব্দুল লতিফ ঘটনাস্থলে পৌঁছে মরা গরুর মাংস মাটিচাপা দেন। তিনি জানান, মাংসটি ধ্বংস করা হয়েছে এবং নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত কসাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উমর মজিদ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, “এ ধরনের কাজ সম্পূর্ণ ঘৃণ্য এবং অমানবিক। জনগণের সঙ্গে প্রতারণা করার জন্য আলম কসাই ক্ষমার যোগ্য নয়। উপজেলা প্রশাসনের দ্রুত ব্যবস্থা জরুরি।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, মরা পশুর মাংস খাওয়ার ফলে খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, জ্বর, হেপাটাইটিসসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি রয়েছে। তাই বাজারে নিয়মিত তদারকি ও কঠোর নিয়ম প্রয়োগের দাবি করেছেন।
রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত কসাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply