মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম):
তরুণদের বুদ্ধিবৃত্তিক চর্চা ও চিন্তাজগতের পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। শুক্রবার কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে। এ গণঅভ্যুত্থানের মূলমন্ত্র হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জনগণের হাতে থাকতে হবে। আমাদের চিন্তা করতে শিখতে হবে। পুকুরে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি চিন্তা শুরু না করলে বুদ্ধিবৃত্তিক বিকাশ হবে না।”
তিনি আরও বলেন, “একটা গণঅভ্যুত্থান হয়েছে; শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেছে। কিন্তু এটা নিয়ে কেউ চিন্তা করি না গণঅভ্যুত্থান কী? শুধু একটি সরকার পালিয়ে গেলেই কি গণঅভ্যুত্থান হয়? জেলা, উপজেলা পর্যায়ে কি কোনো পরিবর্তন হয়েছে? গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল শহর-গ্রাম সর্বত্র পরিবর্তন। কিন্তু চিলমারীর পুলিশ, উপজেলা প্রশাসন বা সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় কি পরিবর্তন এসেছে? আমাদের ভাবতে হবে।”
তিনি বলেন, “ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। ঢাকা থেকে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ভাঙতে হবে। জনগণের বিপক্ষে যে আইন, সেই আইন আমরা চাই না।”
এর আগে তিনি চিলমারীতে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্র’-এর উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পণ্ডিত বইমেলা আয়োজক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজা। নুসরাত জাহান তিন্নির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, কবি ও লেখক হোসাইন মোহাম্মদ আনোয়ার, মাহমুদুল হাসান বাবু, আনোয়ারুল ইসলাম বুলবুল প্রমুখ।
Leave a Reply