রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের অন্তর্ভুক্ত পাঁচগুচি গ্রামটি দীর্ঘ দিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। গ্রামটির একমাত্র প্রধান রাস্তা, যা টেম্পুর বাজার থেকে শুরু হয়ে রেললাইন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার বিস্তৃত, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও দিনমজুররা প্রতিদিন এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচল একেবারেই দুরূহ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা স্কুলে যেতে সমস্যায় পড়ে এবং সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজও করতে পারেন না। এতে অনেক দুর্ঘটনাও ঘটে।
এ গ্রামে বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। বর্ষাকালে ফসল আনা-নেওয়া করতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয়দের দাবি, এই রাস্তা সংস্কারের মাধ্যমে শুধু মানুষের চলাচলই সহজ হবে না, বরং কৃষি ও শিক্ষার উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।
স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানিয়েছেন, বহুদিন ধরে তারা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।
অতএব, তারা রাজারহাট উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply