রনবীর রায় রাজ,ফুলবাড়ী প্রতিনিধি:
দুষ্টের দমন আর সৃষ্টের পালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্টমী। এ উপলক্ষে সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এই শুভ দিন।
সকালের শুরুতেই উপজেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা-অর্চনা ও আলোচনা সভা। দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার সদস্যরা, পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
আয়োজকদের মতে, শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন; তিনি মানবতার বার্তাবাহক। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে তাঁর আদর্শ যুগে যুগে মানুষকে সত্য ও ধর্মের পথে চলতে অনুপ্রাণিত করেছে।
উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ী থানার পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।
Leave a Reply