রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামে সৎ ছেলের হত্যার হুমকিতে প্রাণভয়ে ঘরছাড়া হয়েছেন ৮০ বছর বয়সী জায়েদা বেগম। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি রৌমারী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে দ্বারে দ্বারে ঘুরছেন এই বৃদ্ধা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩২ বছর আগে স্বামী সিরাজুল ইসলামের মৃত্যুর পর তার দুই স্ত্রী ও আট সন্তান আলাদা ঘরে বসবাস শুরু করেন। জাহের আলী ফকির, প্রথম স্ত্রী জেলেখার সন্তান এবং এলাকায় একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানা গেছে।
জাহের আলীর বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন, যেখানে অবৈধ মাদক প্রবেশ সহজ হওয়ায় সে এ কাজে জড়িয়ে পড়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। তার বাড়ি ১৬টি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং চারজন ভাড়াটে পাহারাদার সার্বক্ষণিক নজরদারিতে থাকে।
জায়েদা বেগম জানান, পুলিশের উপস্থিতি দেখলেই জাহের আলী সন্দেহ করে তিনি পুলিশকে খবর দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ছুরি হাতে ধাওয়া করে। একপর্যায়ে সে জায়েদা বেগমের ঘরে তালা লাগিয়ে দেয়, ফলে তিনি নিজের ঘরে ফিরতে পারছেন না। প্রাণভয়ে তিনি আত্মগোপনে চলে গেছেন।
গত ৩ আগস্ট পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে জাহের আলী পালিয়ে যায়। পুলিশ তার মা জেলেখাকে তালা খুলে দিতে বললেও পুলিশ চলে যাওয়ার পরপরই সে ধারালো অস্ত্র নিয়ে সৎ মা ও সৎ বোনদের উপর হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে কোর্টে প্রসিকিউশন পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জাহের আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জায়েদা বেগমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Leave a Reply