রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গোয়াল গ্রাম এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক শাহিন মাষ্টারের বাড়িতে সংঘবদ্ধ একদল মুখোশধারী ডাকাত এই ঘটনা ঘটায়।
জানা গেছে, মধ্যরাতে সশস্ত্র ডাকাতদল বাড়ির গেট, বারান্দার দরজা ও মূল দরজার ছিটকানি ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দেয় এবং মুখে কসটেপ লাগিয়ে দেয়, যাতে কেউ চিৎকার করতে না পারে। এ সময় তারা ঘরে থাকা প্রায় ১৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা সবাই মুখোশ পরে ছিল এবং সংখ্যায় প্রায় ৭-৮ জন ছিল। তারা খুব দ্রুততার সঙ্গে পুরো বাড়ি তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
পরে পরিবারের একজন সদস্য কোন ভাবে বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply