কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় ভেঙে পড়ল শহরের মেঘানি নগরের উপর। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, আগুন ছড়িয়ে পড়ে একাধিক বহুতলে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানে থাকা ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য মোট ২৪৪ জন।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) সূত্রে জানা গেছে, উড্ডয়নের পরই বিমান থেকে “Mayday” সংকেত পাঠানো হয়েছিল। তখন বিমানের গতি ছিল ঘণ্টায় ২৭৫ কিলোমিটার এবং উচ্চতা মাত্র ৬২৫ ফুট। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে কারণ বলে মনে করা হচ্ছে।
বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ এবং ৭ জন পর্তুগীজ নাগরিক ছিলেন। এদের মধ্যে অনেকেই চিকিৎসা, উচ্চশিক্ষা এবং প্রবাসজীবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। দুর্ঘটনার সময় আহমেদাবাদের একটি মেডিকেল হোস্টেলের কিছু ডাক্তারি ছাত্র লাঞ্চ করতে বেরিয়ে পড়েছিলেন। তাঁদেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আট জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে তাঁরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন।
এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আকাশপথে ভ্রমণ যতই আধুনিক হোক না কেন, নিরাপত্তা নিশ্চিতে এখনও বড়সড় ফাঁক থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে বিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত পরীক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোরভাবে পরিচালনার।
প্রতিটি প্রাণের পিছনে ছিল এক একটি পরিবার, এক একটি স্বপ্ন। তাঁদের হারিয়ে যাওয়া শুধু একটি সংখ্যা নয়, অসংখ্য পরিবারের জীবনে চিরস্থায়ী শূন্যতা।
Leave a Reply