স্পোর্টস ডেস্ক:
দশ জনের দল নিয়েও লড়াকু পারফরম্যান্স দেখিয়ে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েনস এইরেসে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তে থিয়াগো আলমাদার দুর্দান্ত গোলে হার এড়ায় লিওনেল স্কালোনির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ২৪ মিনিটে পাল্টা আক্রমণে লিভারপুল ফরোয়ার্ড লুইস দিয়াজের দুর্দান্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় কলম্বিয়া। মাত্র ছয় মিনিট পরই এনজো ফার্নান্দেজের শটে বল জালে জড়ালেও, রেফারির অফসাইডের সিদ্ধান্তে গোল বাতিল হয়ে যায়। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আলবিসেলেস্তারা। ৬৩ মিনিটে বড় একটি সুযোগ হাতছাড়া করেন এনজো ফার্নান্দেজ। কিন্তু ৭০ মিনিটে ম্যাচে নাটকীয় মোড় নেয়—একটি উচ্চ বল ক্লিয়ার করতে গিয়ে কলম্বিয়ান খেলোয়াড় কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেন এনজো, যার ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
দশ জনের দলে পরিণত হওয়ার পরও আক্রমণ থেমে যায়নি আর্জেন্টিনার। বরং ৭৭ মিনিটে লিওনেল মেসিকে উঠিয়ে নিয়ে কিছুটা কৌশলগত পরিবর্তন আনেন কোচ স্কালোনি। তারই সুফল আসে ৮১ মিনিটে—দারুণ এক শটে দলকে সমতায় ফেরান থিয়াগো আলমাদা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।
Leave a Reply