মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর যুব সংগঠন। গোড়াই রঘুরায় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নাটক, গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আবুল খায়ের রুহুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনবি প্রজেক্টের কো-অর্ডিনেটর জনাব অলীক রাংসা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বর্মনসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্গাপুর যুব সংগঠনের সভাপতি আজাদুল হক।
সাংস্কৃতিক পরিবেশনার মূল উপজীব্য ছিল বাল্যবিয়ের ভয়াবহতা ও এর প্রতিকূল প্রভাব। বিশেষ করে নাটকের মাধ্যমে বাল্যবিয়ে বিরোধী বার্তা তুলে ধরা হয়, যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সম্মাননা ও উপহার প্রদান। উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য জনাব অলীক রাংসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।
এই আয়োজন শুধু সাংস্কৃতিক কর্মসূচি নয়, বরং একটি সচেতনতা মূলক সামাজিক আন্দোলনের অংশ। অতিথি ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply