রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপ “তিস্তা নদীর উত্তর তীর রক্ষা” প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় বিক্ষুব্ধ জনতা এক গণবিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার বিকেলে স্থানীয় তিস্তা তীরবর্তী এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ অংশ নেন।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম দুলাল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর খলিলুর রহমান রুকু ও সেক্রেটারি আব্দুস ছালাম। সমাবেশ সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক হাসান জিহাদি।
এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তানজিম হাসান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সংগঠক আরিফ হাসান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান, বাস্তুচ্যুত আবদুল মালেক এবং শ্রমিক শফিকুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ভাঙনরোধ প্রকল্পে ব্যবহৃত প্রতিটি জিও ব্যাগে বালুর পরিমাণ যথাযথ নয়। শ্লোপিংয়ের কাজেও সিমেন্ট ও মানসম্মত বালুর সঠিক ব্যবহার হয়নি। প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তারা প্রকৌশলী, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জানাগেছে ৬নং সেকশনে এর কাজটি ১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৩০০ টাকায় বাস্তবায়ন করছে মো. জামাল হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিক্ষোভকারীরা দ্রুত তদন্তপূর্বক দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply