কুরিগ্রাম সংবাদ ডেস্ক | প্রযুক্তি ও স্বাস্থ্য
চীন প্রযুক্তির এক নতুন মাইলফলক স্পর্শ করল। বিশ্বে প্রথমবারের মতো চালু হয়েছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক হাসপাতাল, যেখানে কোনো মানব চিকিৎসক নেই—কাজ করছেন ১৪ জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিকিৎসক। এই পদক্ষেপকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ইরানের মেহের বার্তা সংস্থা জানায়, গত ৩ মে এক টুইটার পোস্টের মাধ্যমে চীনের এই অনন্য উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এ খবর পরে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এবং অন্যান্য সূত্রও নিশ্চিত করে।
এই সম্পূর্ণ এআই-চালিত হাসপাতালে ব্যবহৃত চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নির্মিত। তারা রোগ নির্ণয়, মেডিকেল ডেটা বিশ্লেষণ এবং রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে সক্ষম। এতে চিকিৎসা সেবায় গতি ও নির্ভুলতা বৃদ্ধির পাশাপাশি খরচও অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই পদক্ষেপ স্বাস্থ্য খাত ছাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট অন্যান্য খাতে, বিশেষ করে ব্লকচেইন ও ক্রিপ্টো টোকেন ইকোসিস্টেমে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এআই এবং ব্লকচেইন প্রযুক্তির সম্মিলন আগামী দিনে চিকিৎসা ও প্রযুক্তি জগতকে এক নতুন মোড়ে নিয়ে যাবে।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বিশেষত সেইসব অঞ্চলের জন্য আশার আলো হয়ে উঠতে পারে, যেখানে অভিজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। উন্নয়নশীল দেশগুলো চাইলে ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবে।
Leave a Reply