কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের দুই সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৬) এবং কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ওরফে জ্যোতি মিয়া (২৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুইজনই তালিকাভুক্ত ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত। তিনি আরও বলেন, “গত ৪ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের আগে ফুলবাড়ী থানার সামনে ছাত্রজনতার মিছিলে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলায় আমিনুল ইসলামের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া গেছে।”
অন্যদিকে, জিল্লুর রহমান ফুলবাড়ী থানায় দায়ের হওয়া ১৯(০১)২৫ নম্বর মামলার এজাহারভুক্ত আসামী বলে নিশ্চিত করেছেন ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজার এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আদালতে হাজির করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।
Leave a Reply