মাইদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা ও নাগেশ্বরী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা এবং গ্রীন ভয়েসের নিজস্ব টি-শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ, টি-শার্ট বিতরণ এবং সাংগঠনিক দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নূরনবী সরকার এবং উপজেলা শাখার বিভিন্ন স্তরের নিবেদিতপ্রাণ সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল গ্রীন ভয়েসের পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “পরিবেশ রক্ষা কেবল একটি সংগঠনের নয়, বরং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। গ্রীন ভয়েস এই দায়িত্ববোধকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছে।”
রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল বলেন, “গ্রীন ভয়েস কেবল একটি সংগঠন নয়, এটি একটি জীবনদর্শন, যা পরিবেশ রক্ষায় তরুণদের উদ্দীপ্ত করে।”
কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান বলেন, “পরিবেশ সংরক্ষণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা, আর এই লক্ষ্যেই গ্রীন ভয়েস অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলছে।”
জেলা সাধারণ সম্পাদক নূরনবী সরকার বলেন, “গ্রীন ভয়েস হলো একঝাঁক সৃজনশীল ও দায়িত্ববান তরুণের প্ল্যাটফর্ম, যারা সমাজ ও প্রকৃতির টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানের এক পর্যায়ে নবাগত সদস্যদের জন্য গ্রীন ভয়েসের ইতিহাস, লক্ষ্য ও চলমান কার্যক্রম নিয়ে তথ্যবহুল আলোচনা করা হয়। সিনিয়র সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্বুদ্ধকারী বক্তব্যের মাধ্যমে নবীনদের অনুপ্রাণিত করেন।
নতুন সদস্যরা গ্রীন ভয়েসের অংশ হতে পেরে গর্বিত বোধ করেন এবং ভবিষ্যতেও পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার করেন।
Leave a Reply