রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রৌমারীতে পুলিশের অভিযানে ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জন্তিরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের পাশে গোয়ালঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ৮৬ বোতল ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এ এলাকায় মাদক কারবার সক্রিয় রয়েছে। সৈয়দ আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সৈয়দ আলী ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করলেও মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় রৌমারী দিয়ে প্রায়ই ভারতীয় ফেন্সিডিল, গাঁজা ও অন্যান্য মাদক বাংলাদেশে প্রবেশ করে থাকে। এই মাদক চক্রের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply