কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী (৮৫)–কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল এসআই রোস্তম আলীর নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করে। এ সময় মরদেহকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম জানানো হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
রাষ্ট্রীয় সম্মান জানানোর পর বিকেল ৪টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন।
জানা গেছে, ইউসুফ আলী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং শুক্রবার সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত মিশুক ও সাদা মনের একজন মানুষ।
Leave a Reply