মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার আল আমিন বিজ্ঞান একাডেমিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নূরানী বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও বগুড়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোঃ আব্দুল হক আজাদ। প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ও পীর সাহেব চরমোনাই (রহঃ)-এর খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল মোমিন জিকাদী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মাওসুদুর রহমান সিদ্দিকী, আলহাজ্ব আজিজুর রহমান (প্রধান শিক্ষক), আতিকুর রহমান (সহকারী মহাসচিব, চরমোনাই), আলহাজ্ব আমিরুজ্জামান পিয়াল (কেন্দ্রীয় শূরা সদস্য) এবং মাওলানা শাহাজান মিয়া (সভাপতি, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম)সহ অনেকে।
মাহফিলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে আগত অতিথিদের অভ্যর্থনা জানান। আলোচনা পর্বে মহাসচিব মাওলানা ইউনুস বলেন, “দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ ও লুটপাট রোধে ইসলামী শাসনের বিকল্প নেই।” তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আল আমিন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সহকারী অধ্যাপক হাফিজুর রহমানকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বিদায় জানানো হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। সমাপ্তি বক্তব্যে অধ্যাপক হাফিজুর রহমান জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply