রনবীর রায় রাজ, ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের প্রতি সংহতি প্রকাশে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) যোহরের নামাজ শেষে ফুলবাড়ী উপজেলা কাচারী মাঠ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরো পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাওলানা আমির হামজা।
পথসভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী কাচারী মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মঈনুদ্দিন মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র নেতা নাইম ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গাজায় নারী, শিশু ও নিরীহ জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। তারা ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
পরবর্তীতে মাওলানা জোবায়ের আলম ফিলিস্তিনের শহীদদের স্মরণে মোনাজাত পরিচালনা করেন।
পথসভা শেষে প্রতীকীভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে জুতা নিক্ষেপ ও পতাকা পোড়ানোর মাধ্যমে বিক্ষোভকারীরা তীব্র প্রতিবাদ জানান।
Leave a Reply