কুড়িগ্রাম প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবং গাজার নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘তাওহিদী জনতা’ এবং ‘ভয়েস ফর প্যালেস্টাইন’।
সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর উপজেলার ডিএম একাডেমি প্রাঙ্গণে সমবেত হয়ে তারা বিক্ষোভ শুরু করে। সেখান থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‘দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন’-এর ডাকা বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ আয়োজিত হয়। মিছিলকারীরা ‘ইসরায়েল নিপাত যাক’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করো’সহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “নিরীহ গাজাবাসীর ওপর ইসরায়েলের হামলায় হাজার হাজার সাধারণ মানুষ, শিশু ও নারী নিহত হয়েছেন। আজ বিশ্ব মানবতা কোথায়? গাজার দিকে তাকালে মনে হয়, বিবেক, নৈতিকতা ও মানবতা সবই অন্ধকারে নিমজ্জিত হয়েছে।”
এক শিক্ষার্থী, মারুফ ইসলাম, বলেন, “ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করার পরও কেন হামলা চালালো? এটা সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। আজ আমরা বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাই—গাজাবাসীদের পাশে দাঁড়ান। মুসলিম বিশ্ব কেন নীরব? নিরস্ত্র মানুষকে হত্যা করা হচ্ছে, আজ তারা চরম অসহায়। বিবেক কি নিঃশেষ হয়ে গেছে?”
ভয়েস ফর প্যালেস্টাইনের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুললেও মুসলিম নামধারী অনেক দেশই ইসরায়েলের মিত্র। সংযুক্ত আরব আমিরাত, জর্ডানসহ কয়েকটি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করেছে, যা মূলত ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান। দখলদার ইসরায়েলি শক্তিকে প্রতিহত করতে হলে এই মুনাফেক শক্তিগুলোকেও রুখতে হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় ওলামা মশায়েখ আইমা পরিষদ নাগেশ্বরী শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী থানা শাখার সভাপতি কে.এম.এম আবুল হাসান, মুফতী আব্দুল্লাহ বিক্রমপুরী প্রমুখ।
বক্তারা দ্রুত ইসরায়েলের গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply