মিজানুর রহমান মিজান, (চিলমারী, কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর পূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে। পূণ্য স্নানে অংশ নিতে শুক্রবার দুপুর থেকেই ব্রহ্মপুত্র পাড়ে ভক্তদের ঢল নামে। প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের আশায় এই নদীতে স্নান করে ভগবানের কৃপা কামনা করেন।
স্নান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শ্রী বিষু চন্দ্র জানান, অষ্টমী স্নানের লগ্ন ছিল শুক্রবার দিবাগত রাত ২টা ৭ মিনিট থেকে শনিবার রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত। তবে এবার উত্তম স্নানের সময় ছিল শনিবার দুপুর ১২টা ৮ মিনিট থেকে ১টা ৪১ মিনিট পর্যন্ত। স্নান শুরু হয় ভোর ৪টায় এবং শেষ হয় বিকেল ৫টায়।
এবারের পূণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চিলমারী নৌ-বন্দর এলাকা থেকে জোড়গাছ ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।
স্নান উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা একদিন আগেই চিলমারীর বিভিন্ন এলাকায় এসে পৌঁছান। তাদের থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য ৩০টি বুথ, বিশুদ্ধ পানির জন্য ১০টি টিউবওয়েল এবং পয়নিষ্কাশনের জন্য ২৩টি টয়লেট স্থাপন করা হয়েছে।
স্নানের নিরাপত্তায় ১৪০ জন পুলিশ, ২৫ জন আনসার, ২ জন ম্যাজিস্ট্রেট, ১ জন ডুবুরি, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, বহু বছর ধরে চিলমারীর অষ্টমী স্নান মেলার ঐতিহ্য রয়েছে। এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত। শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারের মেলায় প্রায় আড়াই লাখ পূণ্যার্থীর উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply