অনলাইন ডেস্ক:
মিয়ানমার প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক (বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের কাছে এই প্রত্যাবাসনের তথ্য প্রকাশ করেন।
মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে গ্রহণে প্রস্তুত। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে উভয় পক্ষের মধ্যে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে সেনা অভিযান শুরু হলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নাগরিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকেই বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নানা জটিলতায় এখন পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হয়নি।
এই প্রস্তাবকে রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতির একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার।
Leave a Reply