রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মেয়াদোত্তীর্ণ ও পঁচা কেক বিক্রির দায়ে এক কনফেকশনারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রৌমারী বাজারের ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত ‘ঢাকা মায়ের দোয়া সুইটস অ্যান্ড কনফেকশনারী’ নামের দোকান থেকে এক গ্রাহক জন্মদিনের কেক কিনেছিলেন। অনুষ্ঠান শুরুতে কেক কাটার সময় তিনি দেখতে পান, কেকটি মেয়াদোত্তীর্ণ ও পঁচা। বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনকে জানান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ওই কনফেকশনারিতে অভিযান চালায়। এ সময় ফ্রিজে সংরক্ষিত আরও বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ও নষ্ট কেক পাওয়া যায়। দোকানের মালিক বাবু মিয়াকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, ভোক্তার স্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply