মোঃ ফরিদুল ইসলাম:
আমি একা দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্রের পারে।
এইখানেই ছিল ‘সাজাই’।
আমাদের সাজাই।
আমার জন্মভূমি, আমার শৈশব, আমার প্রাণ।
কোথায় গেল সেই মাটির উঠোন?
কোথায় হারাল সেই আম গাছের ছায়া,
বিলেরপাড়ের বিকেলের গল্প?
কোথায় গেল আমাদের মসজিদের হাশেম মুয়াজ্জিনের সুরেলা আজান,
সাজাই হাফিজিয়া মাদ্রাসা থেকে সমস্বরে ছাত্রদের দরদ কন্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত?
আমাদের সাজাই ছিল বোকা,
সাজাই ছিল নিঃস্ব,
সাজাই ছিল নদীর মতোই সহজসরল।
তবু ব্রহ্মপুত্র তাকেই গিলে নিল কেন?
আমি কান পাতি,
নদীর বুকে ঢেউয়ের হাহাকার।
একটা অদৃশ্য কণ্ঠ যেন শোনায় সাজাইয়ের মরা মানুষের আর্তনাদ।
আমি ব্রহ্মপুত্রের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিই—
ও ব্রহ্মপুত্র! কেন?
ব্রহ্মপুত্র নীরব।
তার বুকের জল মাখা সূর্যালোকে
তোমরাও কি দেখছো—
সাজাইয়ের মানুষের ছায়া কাঁদছে?
আমি আবার জিজ্ঞেস করি—
ও ব্রহ্মপুত্র! কেন সাজাই?
এবার নদী দীর্ঘশ্বাস ফেলে,
তার ঢেউয়ে যেন কারো শ্বাসরোধের কান্না।
‘আমি কি চাইনি তোদের বাঁচাতে?
আমি কি কখনো চেয়েছি তোদের শেষ করে দিতে?
তোদের বড়লোকরা আমাকে শিকল পরাল,
আমার গতি আটকালো,
আমার শরীরে লোহার চাবুক মারলো,
তারপর আমারই গায়ে দোষ চাপালো।
আমি কি দানব? আমি কি খুনি?’
আমি চিৎকার করি—
‘তবু কেন সাজাই? কেন আমাদেরই কপালে এই ললাটলিখন?’
ব্রহ্মপুত্র চুপ।
শুধু তার ঢেউয়ের ভেতর কোথাও একটা দগদগে ক্ষত খুলে যায়।
আমার বুকের ভেতর যেন কেবল সাজাইয়ের মানুষের আহাজারি।
আমি কাঁদি।
কিন্তু কে শুনবে?
ব্রহ্মপুত্র কি শুনতে পায়?
নাকি সে কেবল এক নির্বাক সাক্ষী,
যে দেখে–
সাজাইয়ের মানুষ একদিন হারিয়ে যায়, কিন্তু
ব্রহ্মপুত্রের ঢেউয়ে আজও গুঞ্জরিত হয় তাদের শূন্যতার সুর।
Leave a Reply