স্পোর্টস ডেস্ক:
শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়া জগতের সবচেয়ে বড় তারকার নাম সাকিব আল হাসান। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিবের ব্যাপক সমালোচনা হলেও তার জনপ্রিয়তায় তেমন প্রভাব পড়েনি। আর তা স্পষ্টতই ফুটে ওঠেছে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
বাংলাদেশের জাতীয় দলে নাম লেখানোর পর থেকেই অনেকে হামজা চৌধুরী তুলনা করছেন সাকিবের সঙ্গে। কিন্তু সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন তিনি। নিজ বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, ‘সাকিব আল হাসান মেগাস্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।’
এর আগে, ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার (১৭ মার্চ) দেশে এসেছেন হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রবাসী এই ফুটবলারকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্যরা।
সিলেট থেকে দুপুরে রওনা হয়ে বিকেলে হবিগঞ্জে গ্রামের বাড়িতে আসেন হামজা। সেখানে তাকে দেখতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে তারা হামজাকে স্বাগত জানান।
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা প্রথমে ইংরেজিতে বলেন, ‘এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি (ফুটবলে) করব।’
Leave a Reply