কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আকাশকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ পৌর শহরের সরদার পাড়া এলাকার মৃত কয়ছার আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদা সংলগ্ন এলাকায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। তাদের তুলে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার প্রায় চার মাস পর, গত ২১ নভেম্বর শিক্ষার্থী মোসাব্বির হোসেন বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আকাশসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply