নিজস্ব প্রতিবেদক:
রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি)-এর উদ্যোগে রামগতি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ৩য় আরএসসিডি আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার রাস্তার হাট হাজী এ. গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
“যুক্তির সান্নিধ্যে তারুণ্য” এই স্লোগান ধারণ করে রামগতির স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস্তার হাট হাজী এ. গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. আব্দুর জাহের এবং বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব ডা. মাসুদ জাহান ও রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ফরহাদ হোসেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএসসিডি-এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত আহম্মেদের সঞ্চালনায় এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক মো. রাকিব হোসেন ও সালমান মুসাব্বির।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রামগতি উপজেলার প্রাক্তন বিতার্কিক রিফাত আলম মহিম, আরিফুল ইসলাম, আসমা আতিকা তনু, মৌমিতা জাহান, মাসুদ জাহান, খাদিজা ইকরা এবং লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশনের বিচারকগণ।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উত্তেজনাপূর্ণ বিতর্কের মাধ্যমে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply