কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যাহত রেখে কুড়িগ্রামের রাজারহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন।
পরে থানা রোডে উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”
এছাড়া বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply