কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পালিত হয়েছে মহান মে দিবস। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় নাগেশ্বরী বাজার থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-১ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।
বক্তারা বলেন, “যুগে যুগে বিশ্বজুড়ে গড়ে ওঠা সকল সভ্যতার পেছনে রয়েছে শ্রমিকদের শ্রম ও ঘাম। মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।”
তারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে অনেককে হত্যা করা হয়। সেই ঘটনার স্মরণেই আজ সারাবিশ্বে পালিত হচ্ছে মে দিবস।
বক্তারা আরও বলেন, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, শিশুশ্রম নির্মূল ও সকল শ্রমিকের জন্য মানবিক পরিবেশ তৈরিতে সরকার ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
Leave a Reply