আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে বসবাস, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন অঞ্চলে ২২ হাজার ৯৯৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছেসৌদি কর্তৃপক্ষ।
দেশটির নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানের মাধ্যমে ৩ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
একটি সরকারী প্রতিবেদন অনুসারে, মোট ১৪ হাজার ২৬৯ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ৫ হাজার ২৩০ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও ৩ হাজার ৪৯৪ জনকে শ্রম সংক্রান্ত সমস্যাগুলির জন্য আটক করা হয়েছে।
অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতারকৃত ১ হাজার ৩৭৮ জনের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।
আরও ৮০ জন প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ১৯ জনকে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কেউ পরিবহন এবং আশ্রয় প্রদানসহ দেশে অবৈধ প্রবেশের কাজে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লক্ষ সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা, সেইসাথে যানবাহন বাজেয়াপ্ত হতে পারে।
সন্দেহজনক কোনোকিছু জানাতে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করা যাবে।
Leave a Reply