কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার অবহেলিত নারায়নপুর ইউনিয়নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই ব্রহ্মপুত্রের ভাঙনে নতুন নতুন এলাকা বিলীন হচ্ছে। এতে করে বসতভিটা হারিয়ে অনেক পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, শিক্ষক মশিয়ার রহমান, সমাজসেবক বেলাল হোসেন খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply