লালমনিরহাট প্রতিনিধি: উত্তরাঞ্চলের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়ন জোরদার এবং দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং কৃষিভিত্তিক নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান এবং কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী। এছাড়া দুই জেলার রাজনৈতিক নেতা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পায়ন অত্যন্ত জরুরি। স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে টেকসই শিল্পভিত্তি গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংকটকে সম্ভাবনায় রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
উত্তরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগের ঘাটতি ও কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলে বেকারত্ব বেড়েছে এবং আঞ্চলিক বৈষম্য স্পষ্ট হয়েছে।
তবে উত্তরাঞ্চলে বিদ্যমান সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব বলে মনে করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান এই অর্থনীতিবিদ।
Leave a Reply