এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জুলাই ঐক্যের ব্যানারে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, আমি কে? তুমি কে? হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন চলবে না, চলবে না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবণ, গণঅধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে সোচ্চার থাকার কারণেই পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
তারা আরও বলেন, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীর এই বিক্ষোভ কর্মসূচি সেই প্রতিবাদেরই অংশ। অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply