সুহাইল আহমদ, জবি:
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাদা দল।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশ বর্তমানে অত্যন্ত সংকটময় সময় পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব দল ও ব্যক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। হাদির ওপর এ হামলাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলা হয়, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় এ ঘটনা তাদেরই অপকর্ম। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, মনগড়া বক্তব্য ও বিবৃতি প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ সৃষ্টি করে। যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন, তাদের এ পথ থেকে সরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য গতকাল জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন।তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply