কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিএনপির একাংশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উলিপুর পেট্রোল পাম্প সংলগ্ন কুড়িগ্রাম–চিলমারী সড়কে “উলিপুরের সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার পরপরই রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, হারুন-উর-রশীদ, ইসমাঈল হোসেন, তারাজুল ইসলাম, মাওলানা আবুল গণি প্রমুখ।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে জনবান্ধব কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে উলিপুর বিএনপির কাণ্ডারি হিসেবে পরিচিত আব্দুল খালেককে মনোনয়ন না দেওয়ায় উলিপুরবাসীর মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।”
তারা আরও বলেন, “আব্দুল খালেকের নেতৃত্বে উলিপুরে বিএনপি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাকে প্রার্থী ঘোষণা করা হলে শুধু উলিপুর নয়, পুরো কুড়িগ্রাম জেলায় বিএনপি আরও শক্তিশালী হবে।”
মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
Leave a Reply