কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে (রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন মো. আজিজুর রহমান।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মির্জা ফখরুল জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মো. আজিজুর রহমান।
Leave a Reply