কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় আয়োজন ‘মার্কস অলরাউন্ডার’-এর রংপুর আঞ্চলিক ও চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজে সারাদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় কুড়িগ্রামের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রাথমিক বাছাই পর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেরা পাঁচে স্থান করে নেয়।
নাচ বিভাগে প্রথম হন শ্রী সৌরভ চন্দ্র সরকার, দ্বিতীয় মোছাঃ ফাহিমা আক্তার ও তৃতীয় মোঃ আশরাফি।
অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেন মোঃ আশরাফি এবং দ্বিতীয় হন মোছাঃ ফাহিমা আক্তার।
পরবর্তীতে চূড়ান্ত পর্বে জুনিয়র স্কুল বিভাগের নাচ বিভাগে প্রথম স্থান অর্জন করে শ্রী সৌরভ চন্দ্র সরকার, অভিনয় বিভাগে দ্বিতীয় হন মোছাঃ ফাহিমা আক্তার এবং তৃতীয় মোঃ আশরাফি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন মার্কস কর্তৃপক্ষ। বিজয়ীরা এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন।
দেশের সকল স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিন ধাপে— আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়।
তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি, পাশাপাশি বিভিন্ন ধাপে বিজয়ীদের মধ্যে এক কোটি টাকার উপহার ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।
গ্র্যান্ড ফিনালেতে তিন গ্রুপের ফার্স্ট ও সেকেন্ড রানার্সআপরা যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবেন।
এ ছাড়া ৬টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন পারফর্মার স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাবেন।
জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হবে একটি করে কম্পিউটার।
Leave a Reply