কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালের দাবিসহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন জেলার নয়টি উপজেলা থেকে আসা প্রায় অর্ধশত সাংবাদিক।
সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগান। বক্তব্য দেন সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ সাহেদ, সাওরাত সোহেল ও খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় সাংবাদিকদের দাবির সঙ্গে সহমত পোষণ করে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তামজিদ হাসান তুরাগ।
বক্তারা অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
Leave a Reply