কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সম্প্রতির শিক্ষার্থী জোটের (শিবির সমর্থিত) প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী হওয়ায় মো. সালমান ফারসি সাকিবকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখা।
শনিবার বিকেলে উলিপুরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, শিক্ষার্থী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় পর্যায়ের অঙ্গনে ইসলামী আদর্শের ছাত্রদের বিজয় আনন্দের বার্তা। সালমান ফারসি সাকিবের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি উলিপুরের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।”
বক্তারা আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় মেধা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। সাকিবের এই অর্জন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ইংলিশ মিডিয়াম শাখার সাবেক অফিস সম্পাদক শফিকুল ইসলাম, উলিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুদ্দোহা শাকিল, উলিপুর উপজেলা দক্ষিণ শাখা শিবির সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শুধু মেধা বিকাশ নয়, আদর্শিক দৃঢ়তাও অর্জন করতে হবে—সালমান ফারসি সাকিব সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।
শেষে বিজয়ী ছাত্রনেতাকে ক্রেস্ট প্রদান ও তার আগামীর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply