কুড়িগ্রাম প্রতিনিধি:
দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাগেশ্বরী থানা প্রাঙ্গণে আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ও বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী সার্কেল অফিসার মোজাম্মেল হক।
প্রায় পাঁচ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন এ সভায়। নাগরিক অভিযোগ-সমাধান, পুলিশিং সেবা পরিচিতি, ও শিশুদের জন্য নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তারা মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, ইভটিজিং বন্ধ, রাতের বেলায় মোটরসাইকেলচালিত ভবঘুরে যুবকদের আইনের আওতায় আনা, চাঁদাবাজি রোধ এবং মোবাইলে জুয়া খেলা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড.মোঃ আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান মিঞা, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সাংবাদিক মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পুলিশ সুপার আরও বলেন, আমরা চাই জনগণের পুলিশ হতে। থানায় আগত প্রত্যেক নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে পুলিশকে আরও সেবামুখী হতে হবে। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সফলতা।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বলেন, বর্তমানে মাদক, স্মার্টফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া, ইভটিজিং, চুরি-ছিনতাই বেড়ে চলেছে। আমাদের তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ প্রশাসনকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার সাব-ইন্সপেক্টর অপুর্ব চন্দ্র। পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জনবান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি জানান।
Leave a Reply