কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সোনাহাট–কচাকাটা সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন— কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), তাদের আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬) এবং কলাতলীর ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮)।
বিজিবি জানায়, সকালে তারা সোনাহাট–কচাকাটা রাস্তায় ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে বিজিবি টহল দল তাদের আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা প্রায় আট বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে ভারতে পালিয়ে হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় বসবাস করছিলেন। পরিবারের বাকিরা এখনো উখিয়ার ক্যাম্পে আছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ১১ জন রোহিঙ্গাকে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply