দুর্জয় হাসান,কচাকাটা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে মাদকাসক্ত নাতির লাঠির আঘাতে দাদা নিহত হয়েছেন। নিহতের নাম আসকার আলী (৮০)। তিনি ওই গ্রামের মৃত মন্তু শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আসকার আলীর নাতি আলমগীর হোসেন (২৬) তাকে কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করার সময় মাদকে আসক্ত হয়ে পড়ে। সম্প্রতি সে বাড়িতে ফিরে আসার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে শিকলে বেঁধে রাখত। ঘটনার দিন সন্ধ্যায় শিকল পড়ানো নিয়ে দাদার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আলমগীর প্রথমে তাকে ধাক্কা দেয়, পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম বলেন, “বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও চোখে আঘাতের চিহ্ন ছিল।”
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আলমগীর হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply