নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
১৭ বছর আগে নিজ বসতঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার হওয়া এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুড়িগ্রামের আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক (অতিরিক্ত দায়িত্বে সিনিয়র জেলা ও দায়রা জজ) মোছাম্মৎ ইসমত আরা এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিল মণি (৪৫) পলাতক ছিলেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালীকুটি গ্রামের জহুর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুর রহমান তারিক।
মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ অক্টোবর পুলিশ ইব্রাহিম খলিল মণিকে নিজ বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্ত হয়ে পলাতক থাকেন।
ঘটনার পর পুলিশ ইব্রাহিম খলিল মণি ও জাহাঙ্গীর আলম নামে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ইব্রাহিম খলিল মণিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড প্রদান করেন।
তবে অপর আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক জানান, অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এই রায় প্রদান করেন।
Leave a Reply