কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখত মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করে আসছেন। কিন্তু বারবার আশ্বাস দিলেও এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা অবিলম্বে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন,
“যারা শিক্ষকদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
Leave a Reply