কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ভোটকেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সাহের আলী, তিনি বলেন, “আমরা ধরনীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসী দেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে এই বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। একটি কুচক্রী মহল হঠাৎ করে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্র চালাচ্ছে, এটি কোনক্রমেই মেনে নেওয়া হবে না।”
ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, “বিগত আওয়ামী লীগের দোসররা এ কেন্দ্রটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।”
স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, “এ বিদ্যালয়ে ভোট প্রদানের জন্য পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও সব ধরনের সুবিধা বিদ্যমান। তাই আমাদের প্রাণের দাবি—এই ভোটকেন্দ্রটি বহাল রাখা হোক।”
মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply