কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার বুধবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি পরিদর্শন করেছেন।
এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীন-এর নেতৃত্বে অন্যান্য ম্যাজিস্ট্রেটরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার আদালতের সম্মুখ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং আদালতের সকল কর্মচারী ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে তিনি কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ রিপতি কুমার বিশ্বাসসহ অন্যান্য বিচারকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার বলেন, ডিজিটাল লার্নিং সেন্টার প্রতিষ্ঠা একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এই কেন্দ্র থেকে দক্ষ ও আধুনিক জ্ঞানসম্পন্ন কর্মচারী তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়া তিনি আদালতের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় সকল বিচারকের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি আদালতের পরিদর্শন নোট গ্রহণের মাধ্যমে সার্বিক পরিদর্শন সম্পন্ন করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ন্যায়বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়।
Leave a Reply