কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে নিষিদ্ধ সময়ে জাটকা মাছ বিক্রির দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উলিপুর বাজারে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করা হয়।
অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫(১) ধারা মোতাবেক গুনাইগাছ ইউনিয়নের নিখিল চন্দ্র দাসকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরবর্তীতে জব্দ করা জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার। তিনি বলেন,
“নিষিদ্ধ সময়ে জাটকা মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা নয়ন কুমার সাহা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে সরকার প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে থাকে।
Leave a Reply