কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরম অবহেলায় দুর্ভোগে পড়ছেন অর্ধলক্ষাধিক মানুষ। সড়কের নাজুক ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত জলাবদ্ধতার কারণে সামান্য বৃষ্টিতেই চিলমারী-কাশিমবাজার প্রধান সড়কে পানি জমে দীর্ঘ দিন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানাচ্ছেন, এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ, সিনিয়র আলিম মাদ্রাসা, শাখাহাতি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারের হাজারো মানুষকে। জলাবদ্ধতার কারণে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, আবার শিক্ষার্থীদের কাপড়ও নষ্ট হচ্ছে।
শিক্ষার্থী মহসিনা বলেন, “সামান্য বৃষ্টি হলেই সবুজপাড়া এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়ে।”
কলেজ শিক্ষক আব্দুর রহমান বলেন, “১দিন বৃষ্টি হলেই সড়কের পানি জমে হাটাচলা দুরূহ হয়ে যায়, এতে কয়েকদিন সমস্যা থাকে।”
অটো চালক আঃ রহিম জানান, “পানি জমে থাকার কারণে সড়কে গর্ত সৃষ্টি হয়েছে, গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।”
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হলে আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে।”
স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে সমস্যা তুলে ধরলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাসের পর মাস, বছরের পর বছর মানুষ নেমে আসা জলাবদ্ধতার সঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছেন।
Leave a Reply